আসন্ন আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রস্তুতি কর্মশালা সফলভাবে ১১ জুলাই ২০২৬ তারিখে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরির জন্য প্রস্তুতি নিতে পারে।
ক্রিয়েটিভ ক্যাটাগরিতে প্রয়োজন প্রদত্ত সাবথিম নিয়ে গভীর বিশ্লেষণ এবং সেই সাবথিমের উপযোগী একটি বাস্তবসম্মত রোবট পরিকল্পনা করা। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কর্মশালাটি সাজানো হয়েছিল, যাতে অংশগ্রহণকারীরা যথাযথভাবে নিজেদের প্রস্তুত করতে পারে।
এবারের প্রতিযোগিতার মূলথিম কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস। এই বিষয়কে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা শিখেছে কীভাবে বাস্তব জীবনের সমস্যাগুলো চিহ্নিত করতে হয়, সেগুলোর সমাধানের জন্য নতুন আইডিয়া তৈরি করতে হয় এবং সেই ধারণাগুলোকে একটি প্রতিযোগিতার উপযোগী রোবট প্রকল্পে রূপ দেওয়া যায়।
তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেক অংশগ্রহণকারীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।




