রোবটিকসপ্রেমীদের আগ্রহের কারণে আবারও অনুষ্ঠিত হলো ‘কালচারাল হেরিটেজ নিয়ে অনুসন্ধান করতে কম্পিউটার ভিশনে হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা। ২০২৬ সালের ১২ জুন ‘রোড টু আইআরও ওয়ার্কশপ সিরিজ’-এর অংশ হিসেবে এই আয়োজনটি হয়।
এই কর্মশালার যৌথ আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। কর্মশালাটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কম্পিউটার ভিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে ধারণা আরও শক্তিশালী করা, যা এ বছরের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের থিমের সঙ্গে সম্পর্কিত।
এর আগে অনুষ্ঠিত প্রথম সেশনে ব্যাপক সাড়া পাওয়া যায়। অনেক শিক্ষার্থী আগের সেশনে অংশ নিতে না পারায় নতুন করে সুযোগ চেয়েছিল। আবার অনেকে বিষয়টি আরও গভীরভাবে শিখতে আগ্রহ প্রকাশ করে। সেই চাহিদার ভিত্তিতেই দ্বিতীয়বার এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দেখানো হয়, কীভাবে রোবট চারপাশের দৃশ্য বুঝতে পারে। ছবি থেকে তথ্য নিয়ে তারা প্যাটার্ন চিনে নেয়, বস্তু শনাক্ত করে এবং সিদ্ধান্ত নিতে পারে। বাস্তব পৃথিবীর তথ্য বিশ্লেষণ করে রোবট কীভাবে “দেখতে শেখে”—তা সহজভাবে তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা তাত্ত্বিক ধারণার পাশাপাশি বাস্তব প্রয়োগও শেখে। বিশেষ করে বিভিন্ন কালচারাল হেরিটেজের ছবি ব্যবহার করে তারা বিশ্লেষণমূলক কিছু কাজ করে। এই প্রক্রিয়ায় তারা শিখে কীভাবে ছবি থেকে গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করা যায় এবং সংরক্ষণ সংক্রান্ত কাজে তা ব্যবহার করা যায়।
শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল হাতেকলমে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করায়। শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন ইমেজ প্রসেসিং টেকনিক ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধানে কম্পিউটার ভিশনের ব্যবহার আরও ভালোভাবে বুঝতে পারে।
প্রশিক্ষণে শেখানো হয় কালার ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, ফেস ডিটেকশন, শেপ ডিটেকশন এবং ইমেজ অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এসব প্রযুক্তি কীভাবে রোবটকে আরও নির্ভুলভাবে পরিবেশ বুঝতে সাহায্য করে, তাও দেখানো হয়।
‘রোড টু আইআরও ওয়ার্কশপ সিরিজ’-এর মাধ্যমে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন শেখার সুযোগ অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, প্রযুক্তি এবং বাস্তব সমস্যার সমাধানকে একসূত্রে আনা।



