দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ছুটি ফলপ্রসূ করতে আয়োজিত চার দিনের প্রাথমিক পাইথন প্রোগ্রামিং কোর্স ৯ জুলাই ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ নতুন শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এই কোর্সে হাতে কলমে অনুশীলনের মাধ্যমে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা ও আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ তৈরি করা হয়।
কোর্সটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রোগ্রামিং শেখার যাত্রা শুরু করেন।
এই কোর্সের অন্যতম লক্ষ্য ছিল মুখস্থ নয়, বরং বোঝার মাধ্যমে প্রোগ্রামিং শেখানো। শিক্ষার্থীদের নিজে চিন্তা করা, সমস্যার যৌক্তিক বিশ্লেষণ করা এবং ধাপে ধাপে সমাধান তৈরি করতে উৎসাহিত করা হয়। এতে তারা উপলব্ধি করে যে প্রোগ্রামিং শুধু কোড লেখা নয়, বরং যুক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের একটি দক্ষতা।
কোর্সে ভ্যারিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, ফাংশন, লিস্ট, স্ট্রিংসহ পাইথন প্রোগ্রামিংয়ের নানারকম মৌলিক বিষয়গুলো শেখানো হয়। প্রতিটি বিষয়ের সঙ্গে ছিল বাস্তবভিত্তিক অনুশীলন, যা শিক্ষার্থীদের শেখা বিষয় তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর সুযোগ দেয়।
আলোচনা, সরাসরি প্রদর্শনী, অনুশীলন এবং প্রশিক্ষকদের ধারাবাহিক সহায়তার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রোগ্রাম তৈরি, ত্রুটি শনাক্ত ও সংশোধন এবং যৌক্তিক চিন্তার ভিত্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে। একই সঙ্গে তারা জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান তৈরির কৌশলও রপ্ত করে।
চার দিনের ধারাবাহিক অনুশীলনের শেষে পূর্ব অভিজ্ঞতা না থাকা অনেক শিক্ষার্থীই নিজেরা স্বতন্ত্রভাবে পাইথন প্রোগ্রাম লিখতে সক্ষম হয়, যা তাদের উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ।




