আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে। এই উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর রওনা দিচ্ছে ১০ সদস্যের বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবছর ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব ও ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল – মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক, খোন্দকার মুশফিকুল ইসলাম ও মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঞাঁ, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী এবং আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন মিশাল ইসলাম ও সহকারী কোচ হিসেবে থাকবেন এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ এ মুনির হাসান। এছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৭ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৪টি গোল্ড মেডেলসহ ৮৩টি পদক অর্জন করেছে।
২৩ জুলাই, ২০২৫, ঢাকাঃ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)-তে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাতীয় দল বাছাই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) আজ চট্টগ্রাম বিভাগের মাধ্যমে শুরু করলো সারাদেশব্যাপী অ্যাক্টিভেশন কার্যক্রম, যার লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করা। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।
আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন, যার রেজিষ্ট্রেশন শুরু হবে আগস্টে এবং জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।
এই অ্যাক্টিভেশন প্রোগ্রামগুলো দেশের আটটি বিভাগেই আয়োজন করা হবে যা আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। গতকাল ২২শে জুলাই কুমিল্লা জিলা স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে এই পরিকল্পনার সূচনা হলো এবং আজ ২৩শে জুলাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অ্যাক্টিভেশনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কার্যক্রম শেষ হলো।
এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিকস বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে, রোবটের বিভিন্ন উপকরণ যেমন সেন্সর, মোটর, ডেভেলপমেন্ট বোর্ড, ব্যাটারি ইত্যাদির সাথে পরিচয় করানো হয়েছে। একই সঙ্গে এই বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূলথিম ‘স্পেস রোবট’- এর সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি, ফিজিক্যাল কম্পিউটিং সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্বের বিশেষ ক্যাটাগরি রোবটিকস কুইজ নিয়েও ধারণা দেয়া হয়। অ্যাক্টিভেশন প্রোগ্রামের আরেকটি আকর্ষণীয় অংশ হিসেবে ছিল, ‘মিনি মার্স রোভার মিশন চ্যালেঞ্জ’, যেখানে শিক্ষার্থীরা একটি মিনি রোভার রোবট ব্যবহার করে একটি নির্দিষ্ট মিশন সমাধানের মাধ্যমে রোবটিকসের ব্যবহারিক দিকটি উপলব্ধি করতে পেরেছে।
এবারের আইআরও বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://bdro.org
৪ জুলাই, ২০২৫, ঢাকাঃ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫- এর কার্যক্রমের উদ্বোধন হলো। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। প্রতিবারের মতো এইবারও বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই অলিম্পিয়াডে।
এই লক্ষ্যে বাংলাদেশ থেকে দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন, যার রেজিষ্ট্রেশন শুরু হবে আগস্টে এবং জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিডিওএসএন- এর ধানমন্ডি অফিসে ২৬ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। তাদেরকে জুলাই ও আগস্ট মাসে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর জন্য অনুষ্ঠিতব্য ওয়ার্কশপ এবং একটিভেশন প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি তারা মার্স রোভার পরিচালনা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) তাদের ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২৫-এর মূল থিম ঘোষণা করেছে, যা হলো ‘স্পেস রোবট’ যার অর্থ হচ্ছে মহাকাশের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে শিক্ষার্থীরা। এই থিমের ভিত্তিতে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।
২০১৮ সাল থেকে বাংলাদেশের জাতীয় এই আয়োজনটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) নামে পরিচিত ছিল কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি)- এর দিক নির্দেশনা অনুসারে আয়োজনটি এখন থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন (আইআরও বাংলাদেশ ওপেন) নামে পরিচিতি পাবে।
উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হওয়া ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২টি স্বর্ণপদকসহ মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জপদক।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://bdro.org
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৫-এ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর আয়োজনে অনুষ্ঠিত হল একটি বিশেষ রোবটিক্স একটিভেশন প্রোগ্রাম।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় আসন্ন IRO Bangladesh Open 2025 প্রতিযোগিতার সঙ্গে, যেখানে ১ম শ্রেণি থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবছরের অলিম্পিয়াডের মূল থিম “Space Robot”।
এই একটিভেশন প্রোগ্রামে শিক্ষার্থীরা সরাসরি রোবটিক্স বিষয়ে আলোচনা করার সুযোগ পায় ও পাশাপাশি তাৎক্ষণিক উত্তর পায় বিভিন্ন প্রশ্নের।
এছাড়াও তারা অংশ নেয় “রোবো মার্স মিশন” নামক একটি ইন্টারএকটিভ রোবটিক্স গেমে, যা তাদের স্পেস রোবটের সাথে সংশ্লিষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে অভিজ্ঞতা দেয়। দ্রুততম সময়ের মধ্যে রোবো মার্স মিশন সম্পন্ন করা ৩ জন শিক্ষার্থীকে বই উপহার দেয়া হয়।
আমরা ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা রাখি।
আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে হাতেকলমে রোবটিক্স কর্মশালা বা অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য রোবটিক্স একটিভেশন আয়োজন করতে চাইলে আমাদের ইমেইল আইডিতে যোগাযোগ করতে পারেন – bdro@bdosn.org
দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২৫-এ অংশ নেয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল আইসিটি ডিভিশন ও আইসিটি অধিদপ্তর।
বাংলাদেশ দল ২০২৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২ টি গোল্ড, ৪ টি সিলভার ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। এই অর্জন উপলক্ষে আজ ২৭ এপ্রিল রাজধানীর আইসিটি টাওয়ারে অবস্থিত বিসিসি অডিটোরিয়ামে বাংলাদেশ দলের ১০ সদস্য আরিয়েত্তি ইসলাম, নামিয়া রওজাত নুবালা, নুসাইবা তাজরিন তানিশা, হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির, আবরার আবির, প্রিয়ন্তী দাস, নাফিয়া বাসার সুহানী, জাইমা যাহিন ওয়ারা ও মিসবাহ উদ্দিন ইনান এবং উক্ত দলের রোবটিক্স কোচ মিশাল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন গোল্ড মেডেলিস্ট আরিয়েত্তি ইসলাম ও সিলভার মেডেলিস্ট আবরার আবির।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জনাব মো: মামুনুর রশিদ,অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে তিন ধাপে ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজিত হয়। এই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ড বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য ১০ সদস্যের বাংলাদেশ দল নির্ধারণ করা হয়। এরপর দুইমাসব্যাপী ২১টি হাই পারফরম্যান্স ক্যাম্প অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বুসানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল



















